রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই : তাহের
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৩০ দুপুর
ছবি: সংগৃহিত
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি স্বৈরাচারী শাসনের সহযোগী ছিলেন এবং সেই কারণে তাকে দিয়ে সংসদে ভাষণ দেওয়ানো উচিত নয়।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামীকাল যে সংসদ অধিবেশন বসবে সেখানে বিরোধী দলের ভূমিকা কী হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, সংসদের অধিকাংশ সদস্য নতুন হওয়ায় তাদের সংসদের নিয়মকানুন, কার্যপ্রণালি ও আচরণবিধি সম্পর্কে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ প্রসঙ্গে তাহের বলেন, এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। তবে প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হলে তখন তাদের অবস্থান জানানো হবে। বিষয়টি আগামীকাল পরিষ্কার হবে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, তাদের মতে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি স্বৈরাচারের সহযোগী ছিলেন। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের কাছে স্পষ্ট নয়। এ বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা আগামীকাল সংসদ অধিবেশনে স্পষ্ট হবে বলেও জানান তিনি।
বাংলাধারা/এসআর
