আজও বাতিল ২৪টি ফ্লাইট, ১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট স্থগিত
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:০৩ দুপুর
ছবি: সংগৃহিত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক আকাশপথে অস্থিরতা অব্যাহত রয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও।
এর ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ) ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের গন্তব্যে আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, আকাশসীমা বন্ধ থাকায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।
বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।
সব মিলিয়ে গত ১২ দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেবিচক। ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট সূচিতেও বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।
বাংলাধারা/এসআর
