কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হাসনাত আব্দুল্লাহ, সব কেন্দ্রেই এগিয়ে থাকার দাবি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:২৭ রাত
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩৫ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রাকিবুল ইসলাম জানান, দেবিদ্বার আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সবগুলো কেন্দ্রেই হাসনাত আব্দুল্লাহ এগিয়ে রয়েছেন। তিনি বলেন, “সব কেন্দ্রের ফলাফল একত্রিত করার কাজ চলছে। তবে প্রাপ্ত ফলাফল বিবরণী অনুযায়ী তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।”
এ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের মনোনীত এবং বিএনপি সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন। ভোটগ্রহণ চলাকালে বিকেল ৫টার দিকে তিনি ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন, যা আসনটির নির্বাচনী পরিস্থিতিকে আলোচনায় এনে দেয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কুমিল্লা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এদিকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সব তথ্য যাচাই শেষে নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হলে আসনটির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বাংলাধারা/এসআর
