ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

রাতের মধ্যেই কেন্দ্রে পৌঁছাবে ব্যালট ও সরঞ্জাম, তিন স্তরের নিরাপত্তায় প্রস্তুত দেশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:০৭ দুপুর  

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে। আর রাজধানী ঢাকা ও বড় শহরগুলোর কেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ শেষ হবে আজ সন্ধ্যার মধ্যেই।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটাররা এবার দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। এর মধ্যে সাদা রঙের ব্যালট পেপার ব্যবহার হবে সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি রঙের ব্যালট পেপার গণভোটের জন্য নির্ধারিত।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। কেন্দ্রভিত্তিক নিরাপত্তার পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।

গতকাল মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম এক ব্রিফিংয়ে জানান, নির্বাচন উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, কেন্দ্রীয় নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স। তিনি বলেন, “যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে নির্বাচন বাধাগ্রস্ত করার মতো শক্তি কারও নেই। কোথাও বিচ্ছিন্ন অপরাধ ঘটতে পারে, তবে নির্বাচন ব্যাহত হবে না।”

পুলিশ প্রধান আরও জানান, প্রাথমিকভাবে সারাদেশে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মধ্যম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা প্রায় ১৬ হাজার। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতির ফলে এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।     

বাংলাধারা/এসআর