ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বায়ুদূষণে শ্বাসরুদ্ধ ঢাকা, ছয় এলাকায় বাতাস ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায়

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৮৪ স্কোর নিয়ে সামগ্রিকভাবে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ছয়টি এলাকায় বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে। একিউআই স্কোর ৩০০ ছাড়ালেই বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ঢাকার মধ্যে সবচেয়ে দূষিত বাতাস রেকর্ড করা হয়েছে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। সেখানে একিউআই স্কোর দাঁড়িয়েছে ভয়াবহ ৫০৭। তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা, যেখানে একিউআই স্কোর ৪৮৬। এছাড়া ধানমন্ডি এলাকায় স্কোর ৪৬৯, উত্তরা সেক্টর-১৮ এলাকায় ৪২৬, দক্ষিণ পল্লবীতে ৩৪২ এবং ইস্টার্ন হাউজিং এলাকায় ৩৩৬ একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে। এসব এলাকাতেই বাতাসের মান বর্তমানে ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত বাতাসে দীর্ঘ সময় অবস্থান করলে শ্বাসকষ্ট, চোখ ও গলার জ্বালা, মাথাব্যথা, ফুসফুস ও হৃদ্‌রোগের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়।

পরিবেশবিদদের মতে, শীত মৌসুমে ইটভাটা, নির্মাণকাজের ধুলা, পুরোনো যানবাহনের কালো ধোঁয়া এবং বাতাসের গতিবেগ কম থাকায় ঢাকায় বায়ুদূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করছে। তারা দ্রুত দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

বায়ুদূষণের এই পরিস্থিতি অব্যাহত থাকলে রাজধানীর জনস্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এসআর