ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ডিসেম্বরে আর একটানা ছুটি নয়, বছরে দুই দফায় ৩০ দিনের অবকাশে অধস্তন আদালত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৬, ০৭:০৭ বিকাল  

ছবি: সংগৃহিত

এখন থেকে অধস্তন আদালতে আর পুরো ডিসেম্বর মাসজুড়ে বার্ষিক ছুটি থাকবে না। এর পরিবর্তে বছরে দুই দফায় মোট ৩০ দিনের অবকাশকালীন ছুটি থাকবে। এর মধ্যে ডিসেম্বর মাসে ১৫ দিন এবং জুন মাসে ১৫ দিন ছুটি ভোগ করবেন অধস্তন আদালতের বিচারকরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, চলতি বছর থেকেই নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। আগে ডিসেম্বরজুড়ে এক মাস আদালত বন্ধ থাকলেও নতুন ব্যবস্থায় ছুটি ভাগ করে দেওয়ায় বিচারিক কার্যক্রমে দীর্ঘ বিরতি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ছয়জন কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়।

ফুলকোর্ট সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ছুটির নতুন এই কাঠামোর ফলে একদিকে বিচারকদের নিয়মিত অবকাশ নিশ্চিত হবে, অন্যদিকে দীর্ঘ সময় আদালত বন্ধ থাকার কারণে মামলার নিষ্পত্তি প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বাংলাধারা/এসআর