‘আমাদের টাকা নেই, সিরিজ খেলুন’, সাহায্য করেও ভারতের পক্ষে আফগানিস্তান: নাজাম শেঠি
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৬, ০৭:১৬ বিকাল
ছবি: সংগৃহিত
ভারত-পাকিস্তান ক্রিকেটীয় উত্তেজনার মধ্যেই এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে প্রকাশ্যে সমালোচনার মুখে ফেললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তাঁর অভিযোগ, সংকটে পাকিস্তান বারবার আফগানিস্তানের পাশে দাঁড়ালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠকগুলোতে তারা নিয়মিত ভারতের পক্ষ নিয়েছে।
এক টেলিভিশন আলোচনায় নাজাম শেঠি বলেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড আর্থিক সংকটে পড়লে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। সে সময় তারা অনুরোধ করেছিল পাকিস্তানের সঙ্গে একটি সিরিজ আয়োজনের জন্য।
শেঠি বলেন, আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাকে বলেছিল,‘আমাদের টাকা নেই, আমাদের সঙ্গে একটি সিরিজ খেলুন।’ আমরা শারজায় তাদের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলি এবং সিরিজ থেকে হওয়া পুরো লাভ তাদের দিয়ে দিই। এত কিছুর পরও আইসিসির সব গুরুত্বপূর্ণ মিটিংয়ে তারা ভারতের পক্ষ নেয়।
তার অভিযোগ, পাকিস্তান যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, সংকটের সময় তারাই আজ পাকিস্তানের পাশে নেই।
নাজাম শেঠির মতে, আফগানিস্তানের এই অবস্থানের পেছনে বড় কারণ ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি বলেন, আইপিএলে খেলার সুযোগ, ভারতের মাটিতে ‘হোম ভেন্যু’ ব্যবহারের সুবিধা, এই কারণেই আফগানিস্তান বিসিসিআইয়ের প্রতি এতটা অনুগত।
এদিকে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে আহ্বান পাকিস্তানে উঠেছে, সে বিষয়ে অন্য কোনো দেশের ক্রিকেট বোর্ডের সমর্থন না পাওয়ায় হতাশা প্রকাশ করেন শেঠি। তার ভাষ্য, পাকিস্তান যাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে, তারাই আজ বিপদের সময় পিঠ টান দিচ্ছে।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এ পরিস্থিতিতে পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ১২ ফেব্রুয়ারির মধ্যেই আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্লেষকদের মতে, নাজাম শেঠির এই মন্তব্য শুধু ক্রিকেট নয়, বরং উপমহাদেশের ক্রীড়াঙ্গনের জটিল কূটনৈতিক বাস্তবতাকেই নতুন করে সামনে এনে দিয়েছে।
বাংলাধারা/এসআর
