ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ক্যারিবীয় ঝড়: শেফার্ডের হ্যাটট্রিক ও হেটমায়ারের রেকর্ডে বিধ্বস্ত স্কটল্যান্ড

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৮, ২০২৬, ০৮:৩৫ সকাল  

ছবি: সংগৃহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই শক্তির জানান দিল দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ফাঁকা গ্যালারির ম্যাচে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে ক্যারিবীয়রা। ব্যাট হাতে শিমরন হেটমায়ারের বিধ্বংসী ইনিংসের পর বল হাতে রোমারিও শেফার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে স্কটিশ শিবির।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। পাওয়ার প্লেতে মাত্র ৩৩ রান তুলতে পারে ক্যারিবীয় ওপেনাররা। ব্রেন্ডন কিং ও শাই হোপের ওপেনিং জুটি ভাঙে ৮.২ ওভারে ৫৪ রানে। তবে দুই ওপেনারের বিদায়ের পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শিমরন হেটমায়ার।

অধিনায়ক রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে হেটমায়ার মাত্র ৩৭ বলে ৮১ রানের ঝড়ো জুটি গড়েন। ব্যক্তিগত ফিফটি করেন মাত্র ২২ বলে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড। এতদিন এ রেকর্ডটি ছিল ক্রিস গেইলের দখলে; ২০০৯ বিশ্বকাপে তিনি ২৩ বলে ফিফটি করেছিলেন।

শেষ পর্যন্ত ৬টি বিশাল ছক্কায় ৩৬ বলে ৬৪ রান করেন হেটমায়ার। পাওয়েল ১৪ বলে ২৪ এবং শারফেন রাদারফোর্ড ১৩ বলে ২৬ রান করে দলের সংগ্রহকে লড়াকু ১৮২ রানে নিয়ে যান। স্কটল্যান্ডের পক্ষে মার্ক কুরি ২৩ রানে ২ উইকেট নেন।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। দ্বিতীয় ওভারেই উইকেট হারানোর পর পাওয়ার প্লের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। ৩৭ রানে ৩ উইকেট পড়ার পর রিচি বেরিংটন ও টম ব্রুস চতুর্থ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে কিছুটা আশার আলো দেখান। বেরিংটন করেন ৪২, ব্রুস ৩৫ রান।

কিন্তু এই জুটি ভাঙতেই ভয়ংকর রূপ নেন রোমারিও শেফার্ড। ১৭তম ওভারে বোলিংয়ে এসে টানা তিন বলে হ্যাটট্রিকসহ চার উইকেট তুলে নেন তিনি। এর আগে জর্জ মানসির উইকেটও ছিল তার শিকার। মাত্র ৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে স্কটল্যান্ডের ইনিংস গুঁড়িয়ে দেন ক্যারিবীয় এই পেসার।

শেফার্ডের এই বোলিং পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সেরা। এর আগে ২০২৪ সালে উগান্ডার বিপক্ষে আকিল হোসেন ১১ রানে ৫ উইকেট নিয়েছিলেন। একই সঙ্গে এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দশম হ্যাটট্রিক। এই টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি-২০০৭ বিশ্বকাপে কেপটাউনে বাংলাদেশের বিপক্ষে।

১৮.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। জয়ের নায়ক হলেও ম্যাচসেরার পুরস্কার ওঠে শিমরন হেটমায়ারের হাতে, তার ম্যাচঘোরানো ব্যাটিংয়ের জন্য।

একই দিনে কলম্বোতে আসরের আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮২/৫
(হেটমায়ার ৬৪, কিং ৩৫, রাদারফোর্ড ২৬; কুরি ২/২৩)

স্কটল্যান্ড: ১৮.৫ ওভারে ১৪৭
(বেরিংটন ৪২, ব্রুস ৩৫; শেফার্ড ৫/২০)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী

বাংলাধারা/এসআর