রিকেলটন-ডি ককের ঝড় থামাল রশিদ-ওমরজাই, ২০০ ছোঁয়া হলো না প্রোটিয়াদের
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:৫৫ দুপুর
ছবি: সংগৃহিত
আহমেদাবাদে ঝড়ো সূচনার পরও ২০০ রানের স্বপ্ন পূরণ হলো না দক্ষিণ আফ্রিকার। রায়ান রিকেলটন ও কুইন্টন ডি ককের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের আভাস মিললেও আফগান বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৮৭ রানেই থামে প্রোটিয়ারা। ফলে জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৮ রান।
বুধবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় স্কোর বড় হওয়ার আগেই ফজলহক ফারুকির বলে ৮ বলে ৫ রান করে আউট হন অধিনায়ক এইডেন মার্করাম। তবে সেই ধাক্কা দ্রুত সামলে নিয়ে পাল্টা আক্রমণে নামেন দুই ওপেনার রিকেলটন ও ডি কক।
পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেটে ৪৩ রান তোলার পর গতি আরও বাড়ান তারা। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে দ্বিতীয় উইকেটে মাত্র ৬১ বলে ১১৪ রানের দারুণ জুটি গড়েন এই দুই বাঁহাতি ব্যাটার। তাদের ব্যাটিংয়ে মনে হচ্ছিল সহজেই ২০০ ছাড়াবে দক্ষিণ আফ্রিকার স্কোর।
কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আফগান অধিনায়ক রশিদ খান। নিজের এক ওভারেই ফেরান দুই সেট ব্যাটারকে। প্রথমে ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৯ রান করা ডি কক আউট হন, এরপর একই ওভারে বিদায় নেন ২৮ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলা রিকেলটন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।
এই ধাক্কার পর দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার আর ঘুরে দাঁড়াতে পারেনি। আজমতউল্লাহ ওমরজাইয়ের আগুনে বোলিংয়ে দ্রুত ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। একই ওভারে ২৩ রান করা ডেওয়াল্ড ব্রেভিস ও ১ রান করা ত্রিস্তান স্টাবসকে ফিরিয়ে দেন তিনি।
শেষদিকে ডেভিড মিলারের ১৫ বলে ২০ ও মার্কো জানসেনের ৬ বলে ১৬ রানের ঝড়ো ক্যামিও ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮৭ রান।
আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আজমতউল্লাহ ওমরজাই (৩ উইকেট) ও রশিদ খান (২ উইকেট)। ম্যাচ জিততে এখন রশিদ খানদের প্রয়োজন ১৮৮ রান, যা তাড়া করতে হলে ব্যাট হাতে একইরকম আগ্রাসী পারফরম্যান্স দেখাতে হবে আফগান ব্যাটারদের।
বাংলাধারা/এসআর
