ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

গুঞ্জন পেরিয়ে বন্ধুত্বের উষ্ণতা মিমির জন্মদিনে আবেগঘন খোলা চিঠি নুসরাতের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৪ দুপুর  

ছবি: সংগৃহিত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান দুজনের বন্ধুত্ব বহুদিন ধরেই ভক্তদের আলোচনার বিষয়। কখনো ঘনিষ্ঠতার ছবি, কখনো দূরত্বের গুঞ্জন, সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ ছিল না। তবে সব গুঞ্জনকে পাশ কাটিয়ে মিমির জন্মদিনে পুরনো স্মৃতিতে ফিরে গেলেন নুসরাত, লিখলেন আবেগভরা এক খোলা বার্তা।

বন্ধুত্বের শুরুর গল্প মনে করে নুসরাত জানান, ‘যোদ্ধা’ সিনেমার শুটিং সেটেই তাদের প্রথম পরিচয়। এসভিএফ অফিসে প্রথম দেখা, তারপর একসঙ্গে নাচের মহড়া, এরপর মাত্র পনেরো দিনের আউটডোর শুটিং যেন তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই সময়েই তারা একে অপরের ছায়াসঙ্গী হয়ে ওঠেন। ব্যক্তিগত সুখ-দুঃখ, গোপন কথা, সবকিছুই ভাগাভাগি করতেন দুই বন্ধু।

স্মৃতিচারণ করতে গিয়ে নুসরাত উল্লেখ করেন নানা ছোট ছোট মুহূর্তের কথা, থাইল্যান্ডে শুটিংয়ের ফাঁকে টমেটো দিয়ে ত্বকের যত্ন নেওয়া, গভীর রাতে লুকিয়ে প্যানকেক খেতে বের হওয়া কিংবা মিমির হাতে বানানো কেমোমিল চা। এসব মুহূর্তই তাদের বন্ধুত্বকে বিশেষ করে তুলেছে বলে জানান তিনি।

বন্ধুত্বে সময়ের পরিবর্তন প্রসঙ্গে নুসরাত বলেন, এখন দুজনেই জীবনের ভিন্ন পর্যায়ে। তার সন্তান আছে, মিমিও নিজের সংসার ও পেশাগত ব্যস্ততায় সময় দিচ্ছেন। কিন্তু এতে বন্ধুত্বের বন্ধন আলগা হয়নি। তার ভাষায়, “মান-অভিমান থাকতেই পারে, কিন্তু বন্ধুত্বের মৃত্যু হয়নি।”

রাজনীতির ময়দানেও একসঙ্গে পথ চলেছেন এই দুই তারকা, দুজনই তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নুসরাতের মতে, বাইরে থেকে মিমি যতটা সাহসী ও ‘ডেয়ার ডেভিল’ মনে হয়, ভেতরে তিনি ঠিক ততটাই কোমল হৃদয়ের মানুষ।

প্রিয় বন্ধুর জন্মদিনে শুভকামনা জানিয়ে নুসরাত বলেন, তিনি চান না মিমির এই স্বভাবের কোনো পরিবর্তন হোক। বন্ধুত্ব, স্মৃতি আর শুভকামনায় ভরা এই বার্তাই যেন প্রমাণ করে, সময়ের স্রোত বদলালেও তাদের সম্পর্কের উষ্ণতা এখনও অটুট।

বাংলাধারা/এসআর