ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

‘এককভাবেই সরকার গঠন সম্ভব’ নির্বাচনের আগে আত্মবিশ্বাসী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:১১ দুপুর  

ছবি: সংগৃহিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ও গণভোটের পর জনগণের রায় পেলে তার দল এককভাবেই সরকার গঠন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ আত্মবিশ্বাস ব্যক্ত করেন। একই সাক্ষাৎকারে তিনি নির্বাচন পরিস্থিতি, তরুণ ভোটার, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, গুম-খুনের বিচারসহ নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দেন।

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা

নির্বাচন কতটা সুষ্ঠু হবে, এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশার মতো নির্বাচন সুষ্ঠু হবে বলেই তারা আশা করছেন। তার মতে, জনগণের সমর্থনই রাজনৈতিক শক্তির মূল উৎস, আর সেই সমর্থনের ওপর ভিত্তি করেই বিএনপি সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

নির্বাসন শেষে দেশে ফেরা ও ব্যক্তিগত চ্যালেঞ্জ

১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরে দলের সাংগঠনিক প্রস্তুতি ও পারিবারিক শোক, দুটি বিষয় সামাল দেওয়াই ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় মা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু তাকে মানসিকভাবে নাড়িয়ে দেয় বলে উল্লেখ করেন। তবুও নির্বাচনী ব্যস্ততার মধ্যেই রাজনৈতিক দায়িত্ব পালন করতে হয়েছে।

তরুণ ভোটারদের জন্য পরিকল্পনা

প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ইশতেহারে তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার নানা কর্মসূচি রয়েছে। শুধু তরুণ নয়, বয়স্ক, প্রতিবন্ধী ও সমাজের সব শ্রেণির মানুষকে অন্তর্ভুক্ত করেই দেশ গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভারত ও চীনসহ পররাষ্ট্রনীতি

ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তারেক রহমান বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্ক নির্ভর করবে বাংলাদেশের স্বার্থের ওপর। যে কোনো চুক্তি যদি দেশের স্বার্থের পরিপন্থি হয়, তবে সেই দেশের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক। একইভাবে চীনসহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কও পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতেই হবে বলে জানান তিনি।

জাতীয় সরকার প্রসঙ্গে অবস্থান

জামায়াতের সঙ্গে সম্ভাব্য ঐক্য সরকার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিএনপি জনগণের সমর্থন পেলে এককভাবেই সরকার গঠন করতে পারবে বলে তারা বিশ্বাস করেন। গণতান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য সংসদে বিরোধী দলের উপস্থিতি জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

নারীর ক্ষমতায়ন নিয়ে পরিকল্পনা

নারী প্রতিনিধিত্ব কম থাকার সমালোচনার জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন কেবল মনোনয়ন বাড়ানো নয়; বরং শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার মাধ্যমে তা নিশ্চিত করতে হবে। সরকার গঠন করতে পারলে নারীদের উচ্চশিক্ষা সম্প্রসারণ, প্রান্তিক গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ সহায়তা, নারী কর্মসংস্থান বৃদ্ধি এবং বড় শহরে নারীদের জন্য আলাদা পরিবহনব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

নিরাপত্তা ও অধিকার নিয়ে আশ্বাস

নারী ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার পক্ষে। নারীদের কর্মক্ষেত্রে সুবিধা, নিরাপদ যাতায়াত ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দলীয় পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি।

গুম-খুনের বিচার প্রসঙ্গ

গুম ও হত্যার অভিযোগ নিয়ে তিনি বলেন, যে কোনো নাগরিকের সঙ্গে অন্যায় হলে তার বিচার পাওয়া উচিত। আইন অনুযায়ী সব ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

ঋণখেলাপি প্রার্থী বিতর্ক

বিএনপির কিছু প্রার্থী ঋণখেলাপি, এমন অভিযোগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ঋণখেলাপি ও দুর্নীতি এক বিষয় নয়। তার দাবি, রাজনৈতিক হয়রানির কারণে অনেক ব্যবসায়ী নেতা আর্থিক সমস্যায় পড়েছেন, যা ডিফল্টের কারণ হতে পারে।

বাংলাধারা/এসআর