নির্বাচন উপলক্ষে টানা চারদিন সরকারি ছুটি শুরু
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:০৬ দুপুর
ছবি: সংগৃহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে আজ বুধবার থেকে শুরু হয়েছে টানা চার দিনের সরকারি ছুটি, যা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই দীর্ঘ ছুটির আওতায় পড়েছেন।
অন্যদিকে, নির্বাচন ও ধর্মীয় উৎসবের ছুটি একসঙ্গে পড়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ মোট পাঁচ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হওয়ায় ছুটি চার দিনে বিস্তৃত হয়েছে। এছাড়া ১৫ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটি থাকায় শিক্ষার্থীদের জন্য মোট ছুটি দাঁড়িয়েছে পাঁচ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও ঘোষণা করা হয়।
নির্বাচন উপলক্ষে ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ সারা দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ এই ছুটি নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম নির্বিঘ্ন করা, ভোটার উপস্থিতি বাড়ানো এবং প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যেই নির্ধারণ করা হয়েছে।
বাংলাধারা/এসআর
