কানাডার স্কুলে রক্তাক্ত হামলা: বন্দুকধারীর গুলিতে নিহত ১০, আহত বহু
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:০৩ দুপুর
ছবি: সংগৃহিত
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও নিকটবর্তী আবাসিক এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলাটি ঘটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। ঘটনাস্থল থেকে প্রথমে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় প্রায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ, আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীকেও ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর সে নিজেই আত্মহত্যা করেছে। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এবং হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
স্কুলটির কাছের একটি বাড়ি থেকেও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই মৃত্যুগুলো স্কুল হামলার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সম্ভাব্য আরও হতাহত আছে কি না তা নিশ্চিত করতে আশপাশের ঘরবাড়ি ও আবাসিক ভবনগুলোতে তল্লাশি চালানো হয়।
ঘটনার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, যা স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রত্যাহার করা হয়। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী থাকা এই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭৫ জন।
ঘটনার শোক ও মানসিক আঘাত কাটিয়ে উঠতে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুল কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এদিকে, ভয়াবহ এই হামলার ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বাংলাধারা/এসআর
