এলপিজিতে ভ্যাট কাঠামো পুনর্বিন্যাস: ভোক্তাদের খরচ কমাতে সরকারের নতুন সিদ্ধান্ত
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৭:৫০ সকাল
ছবি: সংগৃহিত
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আরও সাশ্রয়ী করতে ভ্যাট কাঠামোয় পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর দিতে হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
সরকার বলছে, শিল্পখাত ও গৃহস্থালির জন্য অপরিহার্য এই জ্বালানির বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে জনস্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সুপারিশের ভিত্তিতে।
নতুন ব্যবস্থায় আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর কোনো ভ্যাট কার্যকর থাকবে না। ফলে প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর এলপিজি ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের মোট করের চাপ আগের তুলনায় প্রায় ২০ শতাংশ কমবে বলে জানিয়েছে এনবিআর।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই করছাড় এলপিজির বাজারমূল্য কমাতে সহায়ক হলে তা গৃহস্থালি ব্যয় হ্রাস এবং শিল্প উৎপাদন খরচ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাধারা/এসআর
