ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

কুমিল্লায় মহানগর এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:২৪ বিকাল  

ছবি: সংগৃহিত

কুমিল্লা জেলার নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাত্রারত ট্রেনটি নাঙ্গলকোট স্টেশনের কাছে পৌঁছালে একটি কোচের দুই পাশের মোট চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং যাত্রাবিঘ্ন ঘটে।

স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর দ্রুত যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং অনেককে বিকল্প যানবাহনের মাধ্যমে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, “লাইনচ্যুত কোচটি উদ্ধার করতে রেলওয়ের কারিগরি দল কাজ করছে। কোচটি সরানো গেলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।”

রেল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটি বা লাইনের সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

এদিকে গুরুত্বপূর্ণ এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্যান্য ট্রেনের সময়সূচিতে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ হলে ধাপে ধাপে ট্রেন চলাচল পুনরায় চালু করা হবে।

বাংলাধারা/এসআর