দেশে ফেরার গুঞ্জন নিয়ে ধোঁয়াশা কাটালেন সাকিব, ২৮ ফেব্রুয়ারি ফিরছেন না বলে নিশ্চিত বার্তা
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৪:৪৭ দুপুর
ছবি: সংগৃহিত
জাতীয় দলে ফেরাকে ঘিরে জল্পনা যখন তুঙ্গে, তখন দেশে ফেরার তারিখ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী তিনি আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন, এমন দাবি নাকচ করে দিয়েছেন তিনি নিজেই।
গত কয়েক সপ্তাহ ধরে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। বিশেষ করে আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে যাচ্ছে, এমন পরিস্থিতিতে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এর আগে নির্বাচন-পূর্ব সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেছিলেন, সাকিবের জাতীয় দলে ফেরা সম্পূর্ণ নির্ভর করবে তার ফর্ম ও ক্রিকেটে সক্রিয় থাকার ওপর। তিনি তখন মন্তব্য করেন, খেলাধুলার মধ্যে রাজনীতি আনা উচিত নয় এবং যোগ্য খেলোয়াড় হলে অবশ্যই সুযোগ পাওয়া উচিত।
এদিকে ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকেও তাকে ফেরানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কয়েক দফা অনানুষ্ঠানিক যোগাযোগ করেছে, যাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আবার অংশ নেন।
গুঞ্জন ছিল, যদি তিনি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশে ফিরতেন, তাহলে মার্চের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান এর বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজে তাকে দেখা যেতে পারে। তবে তার নিজের বক্তব্যে স্পষ্ট হয়েছে, অন্তত প্রচারিত ওই নির্দিষ্ট তারিখে দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই।
উল্লেখ্য, গত বছরও একবার দেশে ফেরার আলোচনা তৈরি হলেও শেষ মুহূর্তে তা বাস্তবায়ন হয়নি। ফলে এবারও গুঞ্জন ছড়ালেও বাস্তবে তার ফেরা কবে, তা এখনো অনিশ্চিতই রয়ে গেছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের ফেরা জাতীয় দলের ভারসাম্য ও পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার ব্যক্তিগত পরিকল্পনা, ফিটনেস এবং বোর্ডের আনুষ্ঠানিক উদ্যোগের ওপর।
বাংলাধারা/এসআর
