আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় নতুন ধাপ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:৪১ দুপুর
ছবি: সংগৃহিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ আনুষ্ঠানিকভাবে দলটি সনদে স্বাক্ষর করবে বলে দলটির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, নির্ধারিত সময় অনুযায়ী এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থেকে সনদে স্বাক্ষর করবেন। দলটির নেতারা মনে করছেন, এই স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগে তাদের আনুষ্ঠানিক সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে।
এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। সেই অনুষ্ঠানে সনদের মূল লক্ষ্য হিসেবে রাজনৈতিক সহাবস্থান, গণতান্ত্রিক সংস্কার এবং জাতীয় সংলাপ জোরদারের কথা তুলে ধরা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই পদক্ষেপ রাজনৈতিক সমঝোতা ও সমন্বয় প্রক্রিয়াকে আরও বিস্তৃত করবে এবং বহুদলীয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন গতি আনতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাক্ষর অনুষ্ঠানের পর দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরার সম্ভাবনাও রয়েছে।
বাংলাধারা/এসআর
