ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত, চূড়ান্ত শুনানি আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:৩৬ দুপুর  

ছবি: সংগৃহিত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়ে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। ফলে আপাতত রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ কার্যকর হচ্ছে না।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আদালত জানান, বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগ-এর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ রমজান মাসজুড়ে মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও তানজিনা ববি লিজা।

রিট আবেদনকারীর দাবি ছিল, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান হওয়ায় এবং দীর্ঘদিনের প্রচলিত প্রথা অনুযায়ী রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদ উল্লেখ করে বলা হয়, আইনের ক্ষমতাসম্পন্ন প্রথা ও রীতিও আইন হিসেবে গণ্য। সে হিসেবে রমজানে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত অসাংবিধানিক।

আইনি নোটিশে আরও বলা হয়, রোজাদার শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারে, যা ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজানে স্কুল চালু থাকলে শহরে যানজট বাড়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়।

গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্ট-এর সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। নোটিশ পাঠানো হয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর সচিবদের কাছে। নোটিশের জবাব না পাওয়ায় পরে রিট আবেদন করা হয়।

এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

বাংলাধারা/এসআর