ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫, শিশুকন্যা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:৩০ দুপুর  

ছবি: সংগৃহিত

সৌদি আরবের আবহা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুর জেলার একই পরিবারের চার সদস্য রয়েছেন। দুর্ঘটনায় আহত ওই পরিবারের আরেক শিশুকন্যা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতরা হলেন- ১৩ বছর বয়সী মোহনা, দেড় বছরের শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। আহত ফাইজা আক্তার (১১) বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) দুর্ঘটনাটি ঘটে। পরিবারের সদস্য ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরব এর আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সেখানে যান।

নিহতের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, পাশের গ্রামের সৌদিপ্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা দুর্ঘটনার খবর নিশ্চিত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে পরিবার স্থানীয় যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, আমরা কিছুক্ষণ আগে ঘটনাটি জেনেছি। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নিলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রবাসে একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাধারা/এসআর