ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

টানা দ্বিতীয় দিন কমলো সোনার দাম, ভরিতে কমেছে ২,১৫৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০১:৩৮ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরি ৩ হাজার ৯০৭ টাকা রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবারও বাজুস সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমিয়েছিল। তখন প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা এবং ২২ ক্যারেট রুপার দাম ছিল ৬ হাজার ৩৫৭ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৬ বার কমানো হয়েছে।

বাংলাধারা/এসআর