‘কেউ কাজের অফার দিচ্ছে না’, অভিনয়ে ফিরতে চান অর্চনা পুরান সিং
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৬:০১ বিকাল
ছবি: সংগৃহিত
ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে বিচারকের আসনে বসে প্রাণখোলা হাসির জন্য পরিচিত অর্চনা পুরান সিং এবার জানালেন তার অভিনয়জীবনের এক ভিন্ন বাস্তবতা। দীর্ঘ সময় বড় পর্দায় অনুপস্থিত থাকার কারণ এবং কাজের প্রস্তাব না পাওয়ার হতাশার কথাও খোলামেলাভাবে তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘টোস্টার’-এর প্রচারণায় এসে অর্চনা বলেন, টেলিভিশনের ব্যস্ত সময়সূচিই একসময় তার সিনেমা ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। তিনি জানান, কপিল শর্মার শো চলাকালে বছরে প্রায় ১০০টি পর্বের শুটিং করতে হতো। সেই সময় বিদেশে দীর্ঘদিন শুটিংয়ের একটি সিনেমার প্রস্তাব পেলেও সময়ের অভাবে তা ফিরিয়ে দিতে বাধ্য হন।
এইভাবে একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করতে করতে একসময় নির্মাতারা তাকে আর ডাকাই বন্ধ করে দেন। অর্চনার ভাষায়, “বারবার না বলায় সবাই ধরে নিয়েছিল আমি আর অভিনয়ে আগ্রহী নই।”
তবে এখন পরিস্থিতি কিছুটা বদলেছে। শোটি এখন মৌসুমি ভিত্তিতে প্রচারিত হওয়ায় তার হাতে আগের চেয়ে বেশি সময় রয়েছে। ফলে নতুন প্রজেক্টে কাজ করার সুযোগও তৈরি হয়েছে। তবুও আক্ষেপ রয়ে গেছে, নির্মাতারা তাকে অভিনেত্রী হিসেবে দেখতে চান না বলেই দাবি তার।
তিনি বলেন, “আমি যতই বোঝাতে চাই, কেউ বিশ্বাস করতে চায় না যে আমি অভিনয় করতে পারি। তারা মনে করে আমি শুধু ওই চেয়ারে বসে হাসাহাসি করা একজন মানুষ।”
উল্লেখ্য, ১৯৮৭ সালে ‘জলওয়া’ সিনেমায় নাসিরুদ্দিন শাহের বিপরীতে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন অর্চনা। এরপর ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দে দানা দান’ এবং ‘বোল বচ্চন’-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় পার্শ্ব চরিত্র ও কমেডি ভূমিকায় দেখা গেছে তাকে।
২০১৯ সালে ‘দ্য কপিল শর্মা শো’-তে যোগ দেওয়ার পর ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেলেও, বড় পর্দায় নিজের পরিচয় নতুন করে প্রতিষ্ঠার লড়াই এখনও চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
বাংলাধারা/এসআর
