ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

খাল খননে পানির সংকট সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৫:২০ বিকাল  

ছবি: সংগৃহিত

দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম জোরদারের মাধ্যমে পানির সংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া জেলার বাগবাড়ী নশিপুরে চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “সবাই মিলে কাজ করলে ইনশাআল্লাহ দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব। খাল খনন করতে পারলে বন্যার সময় মানুষ, সম্পদ, গবাদিপশু ও ফসল রক্ষা করা যাবে।”

তিনি স্মরণ করেন, এই খালটি ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। বর্তমানে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখননের ফলে বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য পানি সরবরাহ সহজ হবে বলে জানান তিনি।

স্থানীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী আহ্বান জানান, খাল পুনঃখননের পাশাপাশি এর দুই পাড়ে বৃক্ষরোপণ এবং মাছ চাষের উদ্যোগ নিতে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নারীদের জন্য সবজি চাষের সুযোগও তৈরি হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, খাল ও নদী ভরাট হয়ে যাওয়ার ফলে একদিকে পানির সংকট বাড়ছে, অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত পানি ধারণের সক্ষমতা কমে যাচ্ছে। তাই টেকসই পানি ব্যবস্থাপনায় খাল খনন অত্যন্ত জরুরি।

এর আগে দুপুরে নিজ জন্মভূমি বাগবাড়ীতে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি স্থানীয় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং পরে শহীদ জিয়াউর রহমান কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

চৌকিরদহ খালের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

দিনের কর্মসূচি শেষে বিকেলে নিজ পৈতৃক বাড়িতে সংক্ষিপ্ত সময় অবস্থান করে পরে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সন্ধ্যায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বাংলাধারা/এসআর