প্রজ্ঞাপন জারি
নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন প্রকাশ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫৩ সকাল
ছবি: সংগৃহিত
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দপ্তর বণ্টন সম্পন্ন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন নতুন প্রশাসনের।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজ দপ্তরেই রেখেছেন। নতুন মন্ত্রিসভায় মোট ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন, যাদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন।
সরকারি তালিকা অনুযায়ী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিদ্যুৎ ও জ্বালানি খাত দেখবেন ইকবাল হাসান মাহমুদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খলিলুর রহমানকে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিচালনা করবেন জাকারিয়া তাহের।
প্রতিমন্ত্রীদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক, শ্রম ও প্রবাসী কল্যাণ খাত দেখবেন নুরুল হক নুর এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ববি হাজ্জাজ।
সরকারি সূত্র জানিয়েছে, দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে মন্ত্রণালয়গুলোতে সমন্বিত নেতৃত্ব নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, অভিজ্ঞ রাজনীতিবিদ, তরুণ নেতৃত্ব ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ও প্রাথমিক নীতিনির্ধারণী সিদ্ধান্তের দিকে এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
বাংলাধারা/এসআর
