বিকেলে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:০২ দুপুর
ছবি: সংগৃহিত
সদ্য গঠিত সরকারের কার্যক্রম শুরু করতে আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হচ্ছে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি সচিবরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সকালে রাজধানীর অদূরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয় এ প্রধানমন্ত্রীর দপ্তরে প্রথমবারের মতো অফিস করেন।
সচিবালয়ে পৌঁছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের সঙ্গে প্রশাসনিক অগ্রাধিকার, সমন্বয় এবং দ্রুত নীতিনির্ধারণী কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা করেন তিনি।
সূত্র জানায়, দুপুরে সচিবালয়েই মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় বিশেষ মন্ত্রিপরিষদ বৈঠক শুরু হবে। বৈঠকে সরকারের তাৎক্ষণিক কর্মপরিকল্পনা, প্রশাসনিক রূপরেখা ও অগ্রাধিকার খাতগুলো নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠককে প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
বাংলাধারা/এসআর
