৫ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু বইমেলা, স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৫৭ সকাল
ছবি: সংগৃহিত
চলতি বছরের অমর একুশে বইমেলা পাঁচ দিন পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি-নেতৃত্বাধীন মেলা পরিচালনা কমিটি। নতুন সূচি অনুযায়ী মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
গতকাল বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।
বৈঠকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম মেলার প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। প্রকাশকদের বিভিন্ন দাবিদাওয়া বিবেচনায় নিয়ে আলোচনার পর নতুন সময়সূচি ও ভাড়া মওকুফের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এদিকে যেসব প্রকাশক এখনও স্টল বরাদ্দ নেননি, তাদের আগামী ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। ওই দিনই সন্ধ্যা ৬টায় নতুন আবেদনকারীদের স্টল বরাদ্দ দেওয়া হবে বলে সভায় জানানো হয়েছে।
বাংলাধারা/এসআর
