অঙ্গীকার বাস্তবায়ন সরকারের দায়িত্ব: তারেক রহমান
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:০৫ দুপুর
ছবি: সংগৃহিত
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ায় সরকার এখন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশবাসীর সামনে “আই হ্যাভ এ প্ল্যান” ঘোষণা করেছিলেন এবং ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে সফর করে সেই পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। জনগণ স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা ভোট দেননি, সব নাগরিকের অধিকার সরকারের কাছে সমান। দলমত, ধর্ম বা দর্শন যার যার হলেও রাষ্ট্র সবার, এই নীতিতে সরকার পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।
ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী জনগণের অব্যাহত সমর্থন কামনা করেন এবং দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নতির জন্য দোয়া করেন।
বাংলাধারা/এসআর
