সাবমেরিনসহ ইরানের ১৭ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
প্রকাশিত: মার্চ ০৪, ২০২৬, ০২:০৬ দুপুর
ছবি: সংগৃহিত
আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে গত চার দিনের অভিযানে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অ্যাডমিরাল কুপার বলেন, “যেসব প্ল্যাটফর্ম বা অস্ত্রব্যবস্থা থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে, সেগুলোই টার্গেট করা হয়েছে।” তিনি জানান, যুক্তরাষ্ট্রের বি-১ ও বি-২ বোমারু বিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে সমন্বিত অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।
তিনি আরও দাবি করেন, গত কয়েক দশক ধরে এ তিনটি জলসীমায় বাণিজ্যিক জাহাজ চলাচলে হয়রানির সঙ্গে ইরান জড়িত ছিল। সাম্প্রতিক অভিযানের পর ওই এলাকায় বর্তমানে কোনো ইরানি জাহাজ সক্রিয় নেই বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ‘অপারেশন এপিক ফিউরি’তে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা এবং দুই শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
এদিকে অ্যাডমিরাল কুপার জানিয়েছেন, গত চার দিনে ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।
তবে যুক্তরাষ্ট্রের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাধারা/এসআর
