পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক
প্রকাশিত: মার্চ ০৪, ২০২৬, ০৯:৫৭ সকাল
ছবি: সংগৃহিত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করছেন। বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টায় তিনি মন্ত্রণালয়ে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বর্তমানে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে রয়েছেন। এ বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠকে বসার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বৈঠকগুলোতে রাজনৈতিক বোঝাপড়া, সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ইস্যু বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আলোচনায় গুরুত্ব পেতে পারে।
দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় আসেন পল কাপুর। সফরসূচি অনুযায়ী, আজ তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে তার।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। পাশাপাশি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। একইদিন সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এ সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো।
বাংলাধারা/এসআর
