কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না: তিথি
প্রকাশিত: মার্চ ০৪, ২০২৬, ০৯:৩৭ রাত
ছবি: সংগৃহিত
অভিনেতা জাহের আলভী এর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। দুই দিন নীরব থাকার পর বুধবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্টে তিনি দাবি করেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে, তা ভুল ব্যাখ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। একই সঙ্গে তিনি ইকরার সঙ্গে নিজের ব্যক্তিগত কথোপকথনের ৪০টিরও বেশি স্ক্রিনশট প্রকাশ করেন।
পোস্টে তিথি লেখেন, তিনি প্রথমে এসব ব্যক্তিগত বার্তা জনসমক্ষে আনতে চাননি; প্রয়োজনে প্রশাসনের কাছে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে তাকে ঘিরে উত্ত্যক্ত করা হচ্ছে, তাতে আর নীরব থাকা সম্ভব হয়নি বলে জানান তিনি। কিছু স্থানে অডিও বক্তব্যও দিয়েছেন উল্লেখ করে তিথি ইঙ্গিত করেন, প্রয়োজনে আরও তথ্য সামনে আসতে পারে। তিনি দাবি করেন, নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা যারা করছেন, তাদের সম্পর্কেও নানা তথ্য বিভিন্ন মানুষের কাছে রয়েছে।
তিথির বক্তব্য অনুযায়ী, সদ্য প্রয়াত ইকরার সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ এবং নিয়মিত স্বাভাবিক যোগাযোগ ছিল তাদের মধ্যে। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও মানসিক অবসাদ নিয়ে ইকরা তার সঙ্গে কথা বলতেন বলেও উল্লেখ করেন তিনি। আলভীর সঙ্গে সম্পর্কের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিথি বলেন, কারো সংসার ভাঙার ইচ্ছা তার কখনো ছিল না। তার ভাষ্য, ইকরা একাধিকবার বিদেশে চলে যাওয়ার কথা বললেও তিনি বরাবরই তাকে স্বামীর প্রতি ভালোবাসার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ সরাসরি নাকচ করে তিথি লিখেছেন, “যাই বলেন, এটা বলতে পারেন না যে আমি ওকে নিজের জীবন নেওয়ার জন্য উস্কে দিয়েছি।”
পোস্টে ইকরার পরিবারের প্রসঙ্গও তোলেন তিথি। তার দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা তাকে জানিয়েছিলেন। ২০১৮ সালে একবার আলাদা হয়ে যাওয়ার পর বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পারিবারিক সমর্থন পাননি, এমন কথাও ইকরা তাকে লিখেছিলেন বলে উল্লেখ করেন তিথি। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি কাউকে দোষারোপ করছেন না; কেবল ইকরার মানসিক অবস্থার প্রেক্ষাপট তুলে ধরছেন।
পোস্টের শেষাংশে তিথি বলেন, তার কিছু হলে সংশ্লিষ্ট সংগঠন ও কর্তৃপক্ষ যেন বিষয়টি যথাযথভাবে তদন্ত করে। একই সঙ্গে ইকরার আত্মার শান্তি কামনা করে তিনি লেখেন, “আল্লাহ ইকরাকে ভালো রাখুক, শান্তিতে রাখুক।”
ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলমান বিতর্কের মধ্যে তিথির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আইনগত ও প্রাতিষ্ঠানিক তদন্তের দিকেই এখন সবার নজর।
বাংলাধারা/এসআর
