ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত স্থাপন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ০৫, ২০২৬, ০১:৫০ দুপুর  

ছবি: সংগৃহিত

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সচেতনতা তৈরিতে নিজ দপ্তর থেকেই উদ্যোগ নিয়েছেন তিনি। সচিবালয়ে নিজের কক্ষে অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমিয়ে দেন, যাতে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছান। অফিসে প্রবেশ করেই তিনি কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে সেট করেন, যা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য তুলনামূলকভাবে কার্যকর।

আতিকুর রহমান রুমন আরও জানান, শুধু নিজের কক্ষেই নয়, মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করার পরও প্রধানমন্ত্রী সেখানে অর্ধেক লাইট বন্ধ রাখতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর তার দপ্তরের অন্যান্য কক্ষেও তাৎক্ষণিকভাবে একই ব্যবস্থা নেওয়া হয়।

প্রধানমন্ত্রী এ সময় সচিবালয়ের সব মন্ত্রণালয়সহ দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত, শপিংমল ও বিপণিবিতানগুলোকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। অপ্রয়োজনীয় লাইট বন্ধ রাখা এবং দিনের বেলায় কৃত্রিম আলোর পরিবর্তে সূর্যের আলো ব্যবহার করার জন্য তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। এই ভবনেই মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা তৈরির একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাংলাধারা/এসআর