দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত: মার্চ ০৫, ২০২৬, ০৮:১৮ রাত
ছবি: সংগৃহিত
বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ করে তুলতে দেশি-বিদেশি প্রশিক্ষকদের সমন্বয়ে এসব কেন্দ্র চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ দ্রুত সম্প্রসারণ এবং বেকার যুবক-যুবতীদের দক্ষ করে তুলতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে সংশ্লিষ্ট দেশের ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা শেখানো হবে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বিদেশে কর্মসংস্থানের বাজার সম্প্রসারণ, প্রবাসী কর্মীদের কল্যাণ এবং নতুন শ্রমবাজার অনুসন্ধানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, বিদেশে যেতে গিয়ে অনেক সময় শ্রমিকদের অতিরিক্ত খরচ বহন করতে হয়, যা অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে বিদেশে যাওয়ার খরচ মেটাতে কাউকে যেন নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার নির্দেশ দেন তিনি।
তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ
দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর নির্দেশ দেন।
বৈঠকে তিনি বলেন, উন্নত বিশ্বের বিমানবন্দরগুলোর মতো বাংলাদেশের বিমানবন্দরেও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে হবে। যাত্রীরা যাতে সহজে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যে দ্রুত ফ্রি ওয়াই-ফাই চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা-১৭ আসনে ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-১৭ আসনের একটি ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, নির্বাচনী প্রচারণার সময় মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত একটি সনাতন ধর্মাবলম্বী মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সেই প্রতিশ্রুতির আলোকে আগামী শনিবার সকাল ১১টায় মন্দিরটির সংস্কার কাজ শুরু হবে। এ সময় ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকবেন। সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা ও উপাসনালয়ের রক্ষণাবেক্ষণে সমান গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
বাংলাধারা/এসআর
